২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রতিবেশীর মেয়েকে ধর্ষণে যাবজ্জীবন

ঈদের দিন প্রতিবেশীর মেয়েকে রুটি ও সেমাই খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন সালাম।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 02:18 PM

Updated : 29 Aug 2023, 04:11 PM

চার বছর আগে প্রতিবেশীর আট বছরের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নওগাঁর একটি আদালত।

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার মঙ্গলবার এই রায় দেন।

দণ্ডিত ৫০ বছর বয়সী আব্দুস সালামকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আব্দুস সালামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামে।

এই আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মকবুল হোসেন জানান, আসামির উপস্থিতিতেই রায় দেয় আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৫ জুন ঈদের দিন দুপুরে প্রতিবেশীর মেয়েকে রুটি ও সেমাই খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন সালাম।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের জুলাই মাসে সালামের বিচার শুরু হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিশেষ কৌঁসুলি মকবুল হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশিদ।

এ মামলায় মোট ১৩ জন সাক্ষী দিয়েছেন। উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষ হলে গত ১৪ জুন মামলাটি রায়ের পর্যায়ে আসে।