২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাসটি ইউটার্ন নেয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা বাসটিকে ধাক্কা দিয়ে চাপা পড়ে।

ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2024, 01:03 PM

Updated : 28 Mar 2024, 02:43 PM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উজানপাড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন। 

নিহতরা হলেন, সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৩), রুবাইয়াত তাসনীম (২) ও সালমান আজাদি ।

শরিফুল উপজেলার চিকনা মনহর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তাসনীম রুদ্র গ্রামের শামীম আহমেদের মেয়ে। সালমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

আহতরা হলেন, নিহত তাসনীমের মা সাহিদা আক্তার (৪৫), একই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনি আক্তার (৪৫)। অন্য দু’জনের পরিচয় পাওয়া যায়নি। 

ওসি কামাল বলেন, সকালে উজানপাড়ায় মাদানি সিএনজি পাম্প সংলগ্ন মহাসড়কে একটি বাস ইউটার্ন নেয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা বাসটিকে ধাক্কা দিয়ে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। 

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক শরিফুল ইসলাম ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমান আজাদি মারা যান।

আহত অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি।