নেত্রকোণায় অর্ধ কোটি রুপিসহ একজন গ্রেপ্তার
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬৩ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় প্রায় অর্ধ কোটি ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল হাসেম (৫০) কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত শামছুল মুন্সীর ছেলে।
সংবাদ সম্মেলন করে ওসি বলেন, হাসেমের কাছ থেকে মোট ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬৩ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
“তিনি দীর্ঘদিন ধরে চোরাকারবারীর সঙ্গে জড়িত। এর আগেও তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।”
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
