২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমাল: বরগুনায় ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে একজনের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলায় ঘর চাপা, গাছ চাপা এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাবার সময়ে ৩৭ জন আহত হয়েছেন।

রেমাল: বরগুনায় ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে একজনের মৃত্যু
বরগুনার বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 02:33 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়-বৃষ্টির মধ্যে বরগুনায় সদর উপজেলায় ঘরের উপরে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে উপজেলায় আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিয়া জানান। 

নিহত আবদুর রহমান বয়াতি (৫৫) ওই গ্রামের বাসিন্দা। 

ইউএনও শামীম বলেন, ঝড়ে আবদুর রহমানের ঘরের উপরে একটি গাছ ভেঙে পড়ে। গাছটি সরাতে গিয়ে ডাল ভেঙে নিচে পরে তিনি মারা যান। 

জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সদর উপজেলায় একজন মারা গেছে। জেলায় ঘর চাপা, গাছ চাপা এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাবার সময়ে ৩৭ জন আহত হয়েছেন। 

তিনি বলেন, রেমালের তাণ্ডবে পাঁচ লক্ষাধিক মানুষের ক্ষতি হয়েছে। ছয় হাজার হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়েছে। 

“৪ হাজার ১৫৭ হেক্টর মাছের ঘের ও জলাশয় প্লাবিত হয়েছে। ঝড়ে সম্পন্ন ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা ৩ হাজার ৩৭৪টি। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা ১৩ হাজার ৩৪টি। এছাড়া জেলার ১৩টি জায়গা থেকে বাঁধ ভেঙে ৩ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে ক্ষতি হয়েছে।” 

এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করা হয়েছে বলে জানান এই জেলা প্রশাসক। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, পানির চাপে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মাঝখালী এবং ডালভাঙ্গা এলাকায় বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে। এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী গ্রাম, বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের বাঁধ ভেঙে গেছে। 

“আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের ৬০০ মিটার বাঁধ ভেঙে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকার দেড় কিলোমিটার বেরী বাঁধের চায়টি জায়গায় ফাটল ধরেছে। বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ সরিষামুড়ি গ্রামের বাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত হয়েছে। দক্ষিণ কালিকাবাড়ি বাজারের বেরী বাঁধ উপচিয়ে ভেতরে পানি ঢুকেছে। মোকামিয়া ইউনিয়নের চরখালী গ্রামে পানি ঢুকেছে।”

তিনি বলেন, পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রাম এবং পদ্মা স্লুইজের উপর দিয়ে পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কালমেঘা ইউনিয়নের কুপধন, কাকচিড়া ইউনিয়নের বাহেরচর ও চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া বেরী বাঁধের উপর দিয়ে পানি ঢুকেছে। বেরী বাঁধগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।