২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে শিকারীর ফাঁদে মারা গেল মায়া হরিণ

একটি চা বাগানে মৃত হরিণটি পড়ে থাকতে দেখা গেলেও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 09:33 PM

Updated : 08 Oct 2022, 10:10 PM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিকারীর ফাঁদে আটকা পড়ে একটি মায়া হরিণ মারা গেল। 

উপজেলার রেমা-কালেঙ্গা এলাকার একটি চা বাগানে হরিণটির মরদেহ পড়ে থাকতে দেখা গেলেও কোনো পদক্ষেপ নেয়নি বন বিভাগসহ সংশ্লিষ্টরা। 

শনিবার বিকাল পর্যন্ত অর্ধগলিত হরিণটি হাতিমারা চা বাগানের ভেতরে বৈরাগপুঞ্জী যাওয়ার রাস্তার পাশে পড়ে ছিল। 

স্থানীয়রা জানান, শিকারীর ‘ছিটকা ফাঁদে’ আটকে মারা যাওয়া হরিণটি বৃহস্পতিবার সকাল থেকেই দেখতে পান তারা। সেটি পেটে বাচ্চা ছিল বোঝা যায়। গত দুই দিনে দেহের বিভিন্ন অংশে পচনের ফলে পেটের বাচ্চা দেখা যাচ্ছে। 

তারা বলেন, পচন দেখা দেওয়ায় এখন হরিণটি থেকে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। তবে কে বা কারা ফাঁদ পেতেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।  

বন বিভাগের রেমা-কালেঙ্গা রেঞ্জের কর্মকর্তা খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ হয়ে ঢাকায় আছেন বলে জানান। তাই তিনি এ বিষয়ে কিছু বলতে পারছেন না। 

জেলা সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, “আমি স্টাফদের বনে পাঠাচ্ছি। যারা ফাঁদ পেতে হরিণটি মেরেছে তাদের খুঁজে বের করে মামলা দায়ের করা হবে।” 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, বিষয়টি তারও জানা নেই।