গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন বিভিন্ন জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য
চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং ও সাঁওতাল জাতিগোষ্ঠীর সদস্যদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুরের শ্রীপুর উপজেলার চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং, সাঁওতাল জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার সকালে পৌরসভার কেওয়াচালা গ্রামের গারোপাড়ায় তাদের ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী।
বিএনপি নেতা বাচ্চু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
“বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোনো আদিবাসীদের একটি ঘরও তৈরি করে দেওয়া হয়নি।”
সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হত, আওয়ামী লীগ না করলে চাকরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না, কিন্তু আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করা হত বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী।
এ সময় হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মন, শ্রী বিনয় চন্দ্র বর্মন, শ্রী সবুজ কান্ত বর্মন এবং মানিক সাংমা বক্তব্য দেন।
