২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীদের গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

“ডাকাতরা দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের মারধর করে।”

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুর উপজেলায় নতুন ব‌উ নিয়ে বাড়ি ফেরার পথে বর-কনেসহ একটি পরিবারের ৮-১০ জনকে গাছে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।

উপজেলার নজরপুর-এনায়েতপুর এলাকার মাঝামাঝি রহনপুর-আড্ডা সড়কে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান। 

স্থানীয়দের বরাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, তার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতপুর গ্রামের ১৫ বছরের এক মেয়ের সঙ্গে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আজহর মাস্টার পাড়া গ্রামের সাদিকুলের ১৬ বছর বয়সী ছেলের বিয়ে হয়। একই তো রোজার সময়, তার মধ্যে বর-কনের উপযুক্ত বয়স না হাওয়ায় রাতের আঁধারে বিয়ের আয়োজন করা হয়।

তিনি বলেন, “বরের বাড়ির লোকজন রাতেই বউ নিয়ে ফিরছিল। পথে ১০-১২ জনের ডাকাতদল বর-কনে ও বরযাত্রী বহনকারী ভটভটির গতিরোধ করে চালকসহ ৮-১০ জনকে গাছে বেঁধে রেখে ডাকাতি করে।”  

“এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দেখিয়ে, তাদের মারধর করে। পরে মেয়েদের নাকের-কানের স্বর্ণালংকার, টাকা-পয়সা, মোবাইল ফোন ও ভটভটি নিয়ে পালিয়ে যায়।”

নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, “গোপনে বাল্য বিয়ে করে ফেরার পথে ডাকাতির এই ঘটনা ঘটে। উভয় পরিবার‌ই ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করছে।” 

ঘটনাটি তদন্ত করে মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান।