১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দীঘিনালায় অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

ওসি বলেন, “সংঘর্ষ ও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 10:42 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পাঁচ দিন পর মামলা করেছে পুলিশ।  

সোমবার সন্ধ্যায় দীঘিনালা থানার ওসি নুরুল হক সাংবাদিকদের বলেন, দীঘিনালা থানার এসআই নুর উদ্দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। 

তিনি বলেন, “সংঘর্ষ ও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

মামলার এজাহারে বলা হয়েছে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা সংঘটন, হত্যার উদ্দেশ্যে মারধর, ক্ষতিসাধন, অগ্নিকাণ্ড ও হত্যা করেছে। 

সহিংসতায় সাড়ে তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

বুধবার খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। 

বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেওয়া হয়। 

এর জের ধরে খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটিতে সহিংসতার সূত্রপাত হয়। এতে চারজন নিহত হন।