রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
“ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে।”
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৭টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লক থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত আশিক এলাহী (২৩) পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হয়। রাতে ঘরে না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পায়নি।
সকালে পরিত্যাক্ত জায়গায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি শেখ মোহাম্মদ বলেন, “নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে।
“তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।“
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।
