Published : 18 Sep 2025, 05:19 PM
কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় একটি মাজার সংলগ্ন তিনটি ঘরেও আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এই হামলা হয় বলে হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে মো. মহসীন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ফকিরবাড়ির আলেক শাহর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে ‘বেমজা মহসিন’ নামের একটি আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) কটূক্তি করে একটি পোস্ট দেওয়া হয়। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়। তখন তারা মহসীনের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পুলিশ মহসীনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম মহসীনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে হোমনা থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহসীনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
এর জের ধরে সকালে উত্তেজিত জনতা জড়ো হন। এ সময় হাত মাইকে মাজার ও বাড়িতে হামলার ঘোষণা দেন। তারা প্রথমে মহসিনের বসতবাড়িতে হামলা চালায়। পরে সেখানে থাকা কফিল উদ্দিন শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সবশেষ মাজারের চত্বরে থাকা তিনটি ঘরে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। এতে সেখানে থাকা একটি মোটরসাইকেলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।
এরপর হামলাকারীরা মিছিল নিয়ে গ্রামের আবদু শাহর মাজার, কালাই (কানু) শাহর মাজার এবং হাওয়ালি শাহর মাজারে ভাঙচুর করে। হাওয়ালি শাহর মাজার চত্বরেও অগ্নিসংযোগ করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মহসীনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠিয়ে তার রিমান্ড আবেদন করা হয়েছে।
“তবে এ ঘটনায় কারো ইন্ধন আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
হোমনার ইউএনও ক্ষেমালিকা চাকমা সাংবাদিকদের বলেন, “বুধবার ধর্ম অবমাননার কারণে জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে।”
হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “মূলত ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে জনতার দাবির পরিপ্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।তবু সকালে বিক্ষুব্ধ লোকজন মাজারে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দিয়েছে।”