তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিতে আরও এক বছর সময় দিল বিএসইসি
'কর্পোরেট গভর্ন্যান্স কোড-২০১৮' অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক রাখার বাধ্যবাধকতা রয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে স্বতন্ত্র নারী পরিচালক নেওয়ার জন্য বেঁধে দেওযা সময় আরও এক বছর বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে তা বাস্তবায়নে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বিএসইসির সার্কুলারে বলা হয়, 'কর্পোরেট গভর্ন্যান্স কোড-২০১৮' অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের নির্দেশনা ২০২৪ সালের এপ্রিলে দেওয়া হয়েছিল।
সে সময় কোম্পানিগুলোকে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। তবে তালিকাভুক্ত চার শতাধিক কোম্পানির বেশিরভাগই নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে পারেনি।
এ অবস্থায় নতুন নির্দেশনায় সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
