Published : 25 Jul 2026, 06:36 PM
কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় দুই শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে; যারা পথ হারিয়ে বাংলাদেশে চলে আসেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, তারা টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন এবং কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন।
শনিবার মহেশখালী থানার ওসি মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার হওয়া দুজন হলেন- শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)।
তারা নিজেদের বাবা-ছেলে এবং শ্রীলঙ্কার নাগরিক বলে পরিচয় দিয়েছেন।
উদ্ধারকারী জেলেদের বরাতে পুলিশ জানায়, বুধবার বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি একটি ফাইবার ট্রলারে ওই দুই ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা। পরে তাদের নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালী নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা মহেশখালী পৌঁছান।
উদ্ধারকারী জেলে দলের মাঝি জিয়াউর রহমান বলেন, ওই দুই ব্যক্তি জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে তারা সাগরে ভেসে যান। এ সময় তারা একটি বড় মাছ ধরে সেটি কাঁচা খেয়ে জীবন বাঁচিয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যেও তারা টিকে ছিলেন।
ওসি মজিবুর রহমান বলেন, “উদ্ধার হওয়া দুজনই শ্রীলঙ্কার নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা ও সাগরে ভেসে থাকার বিষয়টি যাচাই করা হচ্ছে।”
এ ঘটনায় শ্রীলঙ্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।