১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

প্রতিবেশী রুবেল বাড়িতে ঢুকে বৃদ্ধাকে গলাকেটে হত্যা করে তার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 06:16 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ ঘরের ভেতর গলা কেটে হত্যার মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানিয়েছেন। 

দণ্ডিত ৩৫ বছর বয়সী মো. রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলবের উত্তর পাঁচানি গ্রামের লিটন মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় দুপুরে নিজ বাড়িতে খুন হয় বৃদ্ধা সাফিয়া বেগম। ওই সময় বাসা থেকে একটি স্বর্ণের চেইন ও কানের দুলও লুট হয়। 

এ ঘটনায় তার মেয়ে ফেরদৌসী বেগম অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। রুবেল ওই বৃদ্ধার প্রতিবেশী ছিলেন। 

মামলার বিবরণে বলা হয়, বৃদ্ধার স্বামী মসজিদে তখন নামাজ আদায়ে ছিলেন। ওই সময় প্রতিবেশী রুবেল বাড়িতে ঢুকে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা। তদন্তে পুলিশ আসামিকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম বলেন, “ঘটনার সময় বৃদ্ধার স্বামী স্থানীয় মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। সেই সুযোগে প্রতিবেশী রুবেল বাড়িতে প্রবেশ করে বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেন এবং তার স্বর্ণালঙ্কার লুট করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।”

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে বিচারক দুই লাখ টাকা জরিমানা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। 

রায়ের পর আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানিয়েছেন।