গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
“তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।”
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ একই পরিবারের তিনজন মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিনুর ইসলাম জানান।
মৃতরা হলেন- ওই গ্রামের একরামুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৬), মোশারফ হোসেনের চাচা ও মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (৩০) এবং মিলনের দাদা সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৫)।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিনুর ইসলাম বলেন, “মিলন মিয়ার বাড়ি থেকে মোশারফ হোসেনের বাড়িতে বিদ্যুতের একটি সংযোগ লাইন গেছে। বৃহস্পতিবার দুপুরে মোশারফ ওই বিদ্যুতের লাইনে ধান মাড়াই মেশিন সংযোগ দিয়ে ইরি ধান মাড়াই শুরু করেন। এ সময় তারে আগুন ধরে পুড়ে যায়।
“পরে বিদ্যুতের সংযোগ লাইন মেরামতের জন্য মিলনদের টিনের ঘরের চালে উঠে মোশারফ বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মিলনও বিদ্যুতায়িত হন। তখন আফজাল এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এরপর স্বজনরা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের আবাসিক মেডিকেল অফিসার মো. রিয়াদ মাহমুদ বলেন, “বেলা দেড়টার দিকে এই তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।”
