২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের পদ্মায় জেলের জালে ধরা পড়ল ‘বিশাল আকৃতির’ শুশুক

এই জলজ প্রাণীটির ওজন প্রায় ৫০ কেজি ছিল।

মুন্সীগঞ্জের পদ্মায় জেলের জালে ধরা পড়ল ‘বিশাল আকৃতির’ শুশুক

নদী তীরবর্তী মাছ ঘাটে নিয়ে গেলে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ শুশুকটি দেখতে ভিড় জমান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 07:36 PM

Updated : 09 Oct 2023, 06:44 PM

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে একটি শুশুক ধরা পড়েছে; যেটির ওজন প্রায় ৫০ কেজি।

শুক্রবার ভোরে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় দাদন মান নামে এক জেলের জালে উঠে আসে সাড়ে তিন ফুট দৈর্ঘের শুশুকটি।

পরে প্রাণীটিকে হাসাইল এলাকার নদী তীরবর্তী মাছ ঘাটে নিয়ে গেলে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ শুশুকটি দেখতে ভিড় জমান।

স্থানীয়রা জানান, ভরা বর্ষায় পদ্মা নদীতে প্রতিদিনই এসব শুশুক নদীতে ঝাপাঝাপি করতে দেখা যায়। কিন্তু জালে খুব একটা ধরা পড়ে না।

শুক্রবার ভোরে স্থানীয় জেলে দাদন মান পদ্মা নদীতে জাল ফেলেন। এ সময় তার জালে আটকা পড়ে শুশুক নামের ওই প্রাণীটি।

জেলে দাদন মান জানান, প্রতিদিনের মত শুক্রবার তিনি নদীতে মাছ ধরতে যান। ভোরে নদীতে জাল ফেলে যখন জালটি তুলছিলেন এ সময় বিশাল বড় মাছ আটকা পড়েছে ভেবে তিনি খুশি হয়ে ধীরে ধীরে জাল টানতে থাকেন। এক পর্যায়ে দেখেন, এটি মাছ নয়, শুশুক। পরে পদ্মা পাড়ে নিয়ে গেলে এটি দেখতে আশপাশের অনেক লোক ভিড় জমান। পরে তিনি শুশুকটিকে নদীতে ছেড়ে দেন।

এ বিষয়ে কথা বলতে টঙ্গীবাড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানার ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তার সাড়া মেলেনি।

তবে উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, বর্ষায় নদীতে পানি বাড়লে প্রায় সময় শুশুকের দেখা মেলে।

শুশুক ধরা পড়ার বিষয়টি শুনেছেন জানিয়ে তিনি বলেন, “জেলে পরে সেটিকে কী করেছেন, তা জানি না। এখন থেকে আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও আলোচনা সভায় সব জেলেদের বলে দেব, যেন এসব প্রাণী ধরা পড়ার সঙ্গে সঙ্গে নদীতে অবমুক্ত করে দেওয়া হয়।”