ময়মনসিংহ থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ
জরুরি প্রয়োজনে অনেকেই দ্বিগুণ ভাড়ায় প্রাইভেটকার ও পিকআপে করে ঢাকায় যাচ্ছেন।
ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। ঘোষণা ছাড়া যানবাহন বন্ধ করায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে পরিবহন নেতারা বলছেন, বাস বন্ধের বিষয়ে তারা অবগত নন।
এদিকে নাশকতা রোধে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।
শনিবার ভোর থেকে ঢাকাগামী কোনো পরিবহন চলাচল না করায় ঢাকার উদ্দেশে বাসস্ট্যান্ডে গিয়ে পুনরায় বাসায় ফিরতে হয়েছে সাধারণ যাত্রীদের। তারা বলছেন, এমন হুটহাট করে বাস বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।
সকালে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজমোড় গিয়ে দেখা যায়, ঢাকাগামী বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অনেক যাত্রী বাসস্ট্যান্ডে এলেও বাস না ছাড়ায় তারা ক্ষোভ জানিয়ে আবার চলে গেছেন।
জরুরি প্রয়োজনে অনেকেই দ্বিগুণ ভাড়ায় প্রাইভেটকার ও পিকআপে করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
এদিকে নিরাপত্তার স্বার্থে সব ধরনের বাহনেই পুলিশের তল্লাশি লক্ষ্য করা গেছে। মহানগরীর শম্ভুগঞ্জ মোড়, রহমতপুর বাইপাস, দিঘারকান্দা বাইপাস, নান্দাইল চৌরাস্তা, ঈশ্বরগঞ্জ, চুরখাই, ত্রিশাল, ভালুকায় চেকপোস্ট বসানো হয়েছে।
চেকপোস্টে যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশির পাশাপাশি তাদের ঢাকায় যাওয়ার কারণ জানতে চাচ্ছেন পুলিশ সদস্যরা।
জরুরি কাজে ঢাকা যাওয়ার উদ্দেশে শনিবার সকাল ১০টায় বাসকান্দা বাস টার্মিনালে আসেন মোকসেদুল ইসলাম নামে এক যাত্রী। বাস না পেয়ে দুই ঘণ্টা বসে থেকে আরও কয়েকজনের সঙ্গে একটি প্রাইভেটকারে ৩০০ টাকা ভাড়া দিয়ে ধানমন্ডি পর্যন্ত যাওয়ার জন্য রওনা দেন।
মোকসেদুল ইসলাম বলেন, “বাস বন্ধ থাকবে ভালো কথা, তা সাধারণ যাত্রীদের বলে দিলেই ভালো হতো। তাহলে হয়তো অন্য কোনো উপায়ে ঢাকা যেতাম। আমাদের এতো ভোগান্তি পোহাতে হতো না।”
এমন ভোগান্তির জন্য সরকারকে দায়ী করে লুৎফর রহমান নামে আরেক যাত্রী বলেন, “সরকার এখন সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে। আমরা দলমত নির্বিশেষে দেশের নাগরিক। আমাদের স্বাধীনভাবে চলার পথ রুদ্ধ করা হচ্ছে।”
তিনি বলেন, “ক্ষমতায় থাকতে চাইলে আগে সাধারণ মানুষের ভালো-মন্দ বুঝতে হবে। হঠাৎ করে বাস বন্ধ করে দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না।”
বাসচালকের সহকারী মো. লিটন বলেন, “আজ আমার সংসার কিভাবে চলবে তা মালিক বলে দিবে না। তিনি সকালে নির্দেশনা দিছেন বাস চলবে না, তাই বাস বন্ধ। আমাদের কী হবে তাদের ভাবার দরকার নেই।
“সকাল থেকে বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করছি। এখনও একটা টাকা আয় নেই।”
সাইদুর রহমান দুলাল নামে আরেক সহকারী বলেন, “ঢাকায় বিএনপির সমাবেশের কারণে নাশকতার অজুহাতে বাস বন্ধ রাখা হয়েছে। বিএনপি কোনো সমাবেশ করলে আমাদের বাস বন্ধ থাকে। আর আওয়ামী লীগ কোনো সমাবেশ করলে করা হয় বাস রিকুইজিশন।”
তিনি আরও অভিযোগ করেন, “রিকুইজিশন করলে তেল খরচটুকু পর্যন্ত ঠিকমতো পাওয়া যায় না। এরমধ্যে পুলিশের হয়রানি তো আছেই। যত সমস্যা আমাদের শ্রমিকদের। মালিক-সরকার এক। আমরা ভাতে মরা।”
এনা পরিবহনের সহকারী ম্যানেজার মো. আলম জানান, তিন-চারদিন ধরে ঢাকাগামী যাত্রীর চাপ একেবারে কম। বিএনপির সমাবেশকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাস বন্ধের বিষয়ে তিনি বলেন, “আজকে আমি কাউন্টারে নেই। বাস চলছে কি-না তাও জানি না। এমন প্রশ্ন আমার জন্য বিব্রতকর!”
জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, “পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। তাই ঢাকাগামী সকল ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। হয়তো সন্ধ্যার পর সব ঠিক হয়ে যাবে।”
বিএনপির সমাবেশকে ঘিরে বাস বন্ধ রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বাস বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। বাস স্বাভাবিকভাবেই চলবে।”
তবে চালকরা কী কারণে বাস চালাচ্ছেন না তা বলতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি।
জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা বলেন, “১৬ ডিসেম্বর এবং ময়মনসিংহে আইজিপি স্যারের আগমন উপলক্ষে জেলার আটটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পুলিশ কাউকে অযথা হয়রানি করছে না।”
