২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ফের সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অবরোধ চলাকালে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ঘোষণাসহ কারখানা খুলে দেওয়ার দাবিতে আবারও নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

বুধবার দুপুর ১২টার দিকে শহরের শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ‘ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের’ কয়েকশ শ্রমিক৷

তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন৷ এতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের৷ এর আগে সোমবার এ শ্রমিকরা নগরীর চাষাঢ়ায় সড়ক অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ করেন৷

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড কারখানাটিতে চার হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন৷ গত কয়েকমাস যাবৎ কারখানাটিতে শ্রমিক অসন্তোষ চলছে৷ গত ১০ ফেব্রুয়ারি বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে কারখানাটির ভেতরে বিক্ষোভ করেন একদল শ্রমিক৷ পরে আন্দোলনরত কয়েকজন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করে মালিকপক্ষ৷ রোববার শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ সাঁটানো হয়৷

একই সঙ্গে আন্দোলনরত কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলাও করা হয়েছে বলে জানান শ্রমিকরা৷ এরই প্রতিবাদে শ্রমিকরা সড়কে নেমে আসেন তারা।

শ্রমিকদের অভিযোগ, ন্যায্য অধিকারের জন্য প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দিয়ে কয়েকজনকে চাকরিচ্যুত করেছে৷ মালিকপক্ষ ও প্রশাসন এ বিষয়ে সমাধান দেওয়ার আশ্বাস দিলেও তারা কথা রাখেননি৷ উল্টো তাদের মারধরেরও হুমকি দেওয়া হচ্ছে৷

বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকরা সড়ক ছাড়লেও আরও ৩০ মিনিট পর এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়৷

ফতুল্লা মডেল থানা ওসি শরীফুল ইসলাম বলেন, “বন্ধ কারখানা খুলে দেওয়া, মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করে কারখানাটির শ্রমিকরা৷ এতে যান চলাচল ব্যাহত হয়৷ বিষয়টি সমাধানের আশ্বাস পেলে বিকেলে সড়ক অবরোধ তুলে নেন তারা৷”

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিক অসন্তোষ সমাধানে প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। 

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ, যানজটে ভোগান্তি