২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অজ্ঞাত ২ নারীর লাশ উদ্ধার

দুইজনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের।

কুষ্টিয়ায় অজ্ঞাত ২ নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়া শহরের কোর্টপাড়া বারো শরিফ দরবারের বিপরীতে একটি বাড়ির সামনে নারীর লাশ ঘিরে উৎসুক জনতার ভিড়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে শহরের কোর্টপাড়া বারো শরিফ দরবারের বিপরীতে একটি বাড়ির সামনে এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীর ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা পর লাশ এখানে ফেলে গেছে হামলাকারীরা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। 

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোশারফ। 

এদিকে মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখা গ্যারেজের পেছনে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। 

আনুমানিক ২০ বছর বয়সি এই নারীকেও হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার পরিচয় এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।