বরিশালে তুলে নিয়ে যাওয়ার পর মিলল ২ জনের লাশ
পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর ৩০-৩৫ জন টেটা, রামদা, বগি দাসহ ধারালো অস্ত্র নিয়ে এসে হাতবোমা বিস্ফোরণ ঘটানো শুরু করে।
বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে থেকে হাতবোমা ফাটিয়ে তুলে নেওয়ার পর দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজনকে গুরুতর আহত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার বিকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুলাদী থানার ওসি তুষার কান্তি মণ্ডল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে মাদারিপুরের কালকিনি সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানার এক আসামি গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় এক দল লোক এসে সংঘর্ষে লিপ্ত হয়। তখন পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
ওসি বলেন, “কোনোভাবে পরিস্থিতি শান্ত করতে না পেরে ঘটনাস্থল থেকে চলে আসলেও পরে আরও ফোর্স নিয়ে গভীর রাতে সেখানে যাই।”
পরে গ্রাম থেকে দুই জনের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নিহতরা হলেন- পূর্ব তয়কা গ্রামের বাসিন্দা সেলিম বেপারীর ছেলে হেলাল বেপারী (৪০) ও সফিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বালিয়াতলী গ্রামের জলিল কবিরাজের ছেলে আলমগীর কবিরাজ (৪৫)।
এ ছাড়া হেলাল বেপারীর ভাই কামাল বেপারী গুরুতর আহত হলেও তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন জানাতে পারেনি পুলিশ।
বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন অশ্রু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় শত বছর থেকে আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার দুইটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। হাজী ও আকন গ্রুপ নামে পরিচিত এই দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
“পুরনো সেই দ্বন্দ্বের জেরে সোমবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হেলাল ও আলমগীর নিহত হয়েছে।
“হেলালের ভাই কামাল নিখোঁজ ছিল। পরে তাকে আহত অবস্থায় পাওয়া গেছে। তবে তাকে কোথায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বিষয়টি জানি না।”
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সংরক্ষিত ইউপি সদস্য মাহিমা বেগমের স্বামী আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ৭-৮ বছর পূর্বে হাজী গ্রুপ ও আকন গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে হাজী গ্রুপের আনিস নামে একজন নিহত হয়।
ওই হত্যা মামলার আসামি আকন গ্রুপের হেলাল, কামাল ও আলমগীর এলাকায় এসেছে খবর পেয়ে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশে খবর দেন হাজী গ্রুপের নেতা ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলম বেপারী।
“পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। তখন আলম বেপারীর নেতৃত্বে দুইটি ট্রলারে ৩০/৩৫ জন বোমা, টেটা, রামদা, বগি দাসহ ধারালো অস্ত্র নিয়ে আসে। তারা এসে পুলিশের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো শুরু করে।
“আতংক সৃষ্টি করে তারা হেলাল, কামাল ও আলমগীরকে ধরে নিয়ে যায়। তখন পুলিশ পরিস্থিতি শান্ত করতে ফাঁকা গুলি করে।”
আলী আরও অভিযোগ করেন, তার বাড়ির সামনেও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় তার স্ত্রী সংরক্ষিত ইউপি সদস্য মাহিমা বেগম প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।
নিহত আলমগীরের স্ত্রী রাবেয়া বেগম অভিযোগ করেন, পুলিশের সহযোগিতায় তার স্বামীকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।
নিহত হেলালের বোন জানান, সাত বছর পর এলাকায় এসেছিল তার ভাই হেলাল ও কামাল। একমাস পূর্বে এলাকায় আসার পর কয়েকবার হাজী গ্রুপকে মীমাংসার প্রস্তাবও দিয়েছিল।
পুলিশের উপস্থিতিতে তিনজনকে ধরে নিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি এর বিচার দাবি করেন।
ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবু বক্কর খানা বলেন, “উভয়কে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তারা আকন গ্রুপের লোক। বর্তমানে গোটা এলাকার পরিস্থিত শান্ত রয়েছে।”
পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাটামারা ও সফিপুর ইউনিয়নে দুটি গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। একটি গ্রুপ বাহিরে থাকলেও রোজায় এলাকায় অবস্থান নেয়। এ নিয়ে সমস্যা হয়েছে।
“রাতে হেলাল নামে একজনের এবং ভোররাতে আলমগীর নামে আরও একজনের লাশ পাওয়া গেছে। এ ছাড়াও পুলিশসহ কয়েকজন আহতও হয়েছে।”
এসপি বলেন, “পুলিশের কোনো পক্ষ হয়ে কাজ করার সুযোগ নেই। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ফাঁকা গুলি করেছে। তবে বাস্তবতা কি সেটি খতিয়ে দেখা হবে।”
মুলাদী থানার ওসি তুষার কান্তি জানান, এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য আলম বেপারী ও সাইদ নামে দুই জনকে আটক করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
