২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল ছাড়লে বের হচ্ছিল রক্তসহ পানি, পরে ট্যাংকে মিলল লাশ

খবর পেয়ে পুলিশ এসে ট্যাংকটি কেটে মরদেহটি উদ্ধার করে।

কল ছাড়লে বের হচ্ছিল রক্তসহ পানি, পরে ট্যাংকে মিলল লাশ
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বাড়ির পানির ট্যাংক ছিল যুবকের অর্ধগলিত মরদেহ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 10:22 AM

Updated : 10 Sep 2026, 12:35 PM

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের একটি বাড়ির পানির ট্যাংক থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলেজ পাড়ার মৃত ধন মিয়ার একতলা বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওবায়দুর রহমান।

নিহত যুবকের নাম মো. তালিব মিয়া (২৮)। তিনি শহরের কান্দিপাড়ার মৃত রাজা মিয়ার ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানান স্থানীয়রা। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির কল ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসে। বিষয়টি তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে পায়।  

খবর পেয়ে পুলিশ এসে ট্যাংকটি কেটে মরদেহটি উদ্ধার করে। 

মো. তালিব মিয়া ।

মো. তালিব মিয়া ।

অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

“মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। ”

তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে। আশপাশের বিভিন্ন সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। 

এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।