২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপি প্রার্থীর কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি, জিডি

এ ঘটনায় জিডি হয়েছে বলে জানান বগুড়া সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মোশারফের পক্ষে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন সোমবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান বগুড়া সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

জিডিতে বলা হয়েছে, মোশারফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার সকালে বগুড়া সদর থানার উপশহরে তার নিজ বাসায় অবস্থানকালে নিজ নামে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা প্রদানের মাধ্যমে অনৈতিক সুবিধা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে তার বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়।

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মোশারফ হোসেন বলেন, “মনোনয়ন পাওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে একের পর এক নানামুখী ষড়যন্ত্র করে আসছে কিছু মহল। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে।

“সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। টাকা নেওয়ার জন্য হোয়াটস অ্যাপে একটি নাম্বারও দিয়েছে।”

বগুড়া সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর থেকেই তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। বিষয়ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”