২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পাকা সেতুর দাবিতে পাঁচ গ্রামের বাসিন্দাদের মানববন্ধন

ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এ ব্যাপারে আবেদন করা হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ইউএনও।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 12:23 AM

Updated : 11 Mar 2024, 12:23 AM

ফুলতলা নদীতে কাঠের বদলে পাকা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সদর উপজেলার পাঁচ গ্রামের বাসিন্দা।

রোববার উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বদিউল্ল্যাহ গ্রামে এসে লোকজন এই মানববন্ধনে অংশ নেন।

বাসিন্দারা জানান, বদিউল্ল্যাহ গ্রামে দেড় বছর আগে কীর্তনখোলার শাখা ফুলতলা নদীতে স্থানীয়রা নিজেদের অর্থায়নে একটি কাঠের সেতু করেন। আগে এখানে খেয়া নৌকায় পার হতে হত। কাঠের সেতু দিয়ে প্রতিদিন ছোট যানবাহন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুসহ কমপক্ষে ৩-৪ হাজার লোক চলাচল করে।

তবে এই কাঠের সেতুটি দিন দিন চলাচলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তাই অতি প্রয়োজনীয় এই সেতুটি পাকা করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বলেন, “আমরা স্বাধীনতার পরেও চরম অবহেলিত আছি। সরকারের উন্নয়নের ছিটেফোঁটাও আমাদের ভাগ্যে জোটেনি। তাই নদীর দুই তীরের বাসিন্দারা চাঁদা তুলে নিজেদের শ্রম ও জমি দিয়ে সড়ক ও সেতু তৈরি করে যাতায়াত করছি।

“কিছুদিন ধরে এই সেতু ঝুঁকিপূর্ণ নড়বড়ে হয়ে গেছে। তাই কোনো জনপ্রতিনিধি নয়, সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার কাছে এই সেতু ও সড়কের দাবিতে পাঁচ গ্রামের মানুষ একত্রিত হয়েছে।”

বদিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, তিনি ১৪ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বদিউল্ল্যাহ গ্রামের মাঝ দিয়ে ফুলতলা নদী। এই নদী এলাকার দুর্ভোগ হিসেবে পরিচিত ছিল।

“খেয়া নৌকায় বেশ কয়েকটি দুর্ঘটনার পর এলাকাবাসী কাঠের সেতু নির্মাণ করে। এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটি পাকা হওয়া প্রয়োজন”, বলেন এই শিক্ষক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, গ্রামবাসী তাদের দাবি জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। এই দাবি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে উপস্থাপন করা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।