২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোল্ট্রি ফিডের দোকানে লুট,  প্রহরীর লাশ উদ্ধার

নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। হাত-পা বাঁধাও ছিল না বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরে পোল্ট্রি ফিডের দোকানে লুট,  প্রহরীর লাশ উদ্ধার

নিহত হেলাল উদ্দিনের স্বজনদের আহাজারি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2023, 05:37 PM

Updated : 29 Jan 2023, 05:47 PM

গাজীপুরের শ্রীপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ টাকাসহ সিন্দুক লুট হয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে মহাসড়কের পাশের ময়লাস্তুপ থেকে। 

রোববার ভোর ৪টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের আল-আমিন পোল্ট্রি ফিড নামের একটি দোকানে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। 

পরে সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার বেগমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লাস্তুপ থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানিয়েছেন। 

নিহত নিরাপত্তা প্রহরী হেলাল উদ্দিন (৬০) কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরহাজীপুর গ্রামের রবি উল্ল্যাহ্র ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর পৌর এলাকার বকুলতলা গ্রামে থাকতেন এবং ম্যাক্স ফোর নামে একটি সিকিউরিটি সার্ভিসে চাকুরি করতেন। 

Image

নিহত হেলাল উদ্দিন ম্যাক্স ফোর নামে একটি সিকিউরিটি সার্ভিসে চাকুরি করতেন।

আল-আমিন পোল্ট্রি ফিডের মালিক আহমেদ ইয়াদগির জানান, দুর্বৃত্তরা নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ভর্তি সিন্দুক, ক্লোজ সার্কিট ক্যামেরার ডিভিআর, বিভিন্ন ব্যাংকের চেক, গুরুত্বপূর্ণ কাগজ লুট করে নিয়ে গেছে। 

তিনি জানান, প্রায় ২৫-৩০ বছর যাবৎ তিনি মাওনা চৌরাস্তায় মুরগির খাদ্য ও মাছের খাদ্য উৎপাদনের পাশাপাশি এসব খাদ্য তৈরির কাঁচামাল বিক্রি করেন। রোববার সকালে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জসিম ও জামান দোকানে এসে শাটার ও কলাপসিবল গেটের তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাকে জানায়। 

তিনি ঘটনাস্থলে এসে অফিসের টেবিলের ড্রয়ালগুলো খোলা অবস্থায় দেখতে পান এবং সিন্দুক দেখতে না পেয়ে নিরাপত্তা প্রহরী হেলালকে খুঁজেন। পরে হেলালের কোনো খোঁজ না পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। 

পরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার বেগমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লাস্তুপ থেকে হেলালের মরদেহ উদ্ধারের খবর পুলিশ তাকে জানায়। 

তিনি আরও জানান, বছর খানেক আগে থেকে প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য তিনি ম্যাক্স ফোর সিকিউরিটি সার্ভিসের কাছ থেকে নিরাপত্তা প্রহরী নিয়োগ দিয়েছেন। কোম্পানির পক্ষ থেকে দুই মাস আগে হেলাল তার প্রতিষ্ঠানে নিয়োজিত হন। 

“আমরা ধারণা করছি, লুটের কাজে বাধা দেয়ায় হেলাল উদ্দিনকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।” 

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকালে জয়দেবপুর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লাস্তুপ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। হাত-পা বাঁধাও ছিল না। 

এবিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোকানের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়ে যাওয়ায় আশপাশের সিসি ক্যামেরা দেখা হচ্ছে। 

“ভোর রাত চারটার দিকে ওই দোকানের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটেছে। 

“ঘটনাটি বিভিন্নভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের একাধিক দল ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।” 

কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, নিহতের স্বজনেরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।