বগুড়ায় ‘১০ সহস্রাধিক ইয়াবাসহ’ গ্রেপ্তার তিন
গ্রেপ্তারদের মাদক কারবারি বলছে র্যাব।
বগুড়ায় দশ হাজার ৬৮০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২। যাদের মাদক কারবারি বলা হচ্ছে।
শনিবার বেলা ১১টায় র্যাব ১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
গ্রেপ্তাররা হলেন: বগুড়ার গাবতলীর দুর্গাহাটা এলাকার আব্দুল মালেকের ছেলে মানিক মিয়া, কাহালু উপজেলার সাগাটিয়া এলাকার প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম রানা এবং একই উপজেলার সারাই এলাকার মাহবুবুল আলম।
নজরুল ইসলাম আরও জানান, গোপন সংবাদে শুক্রবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় চট্টগ্রাম থেকে বগুড়াগামী একটি বাসে অভিযান চালানো হয়৷ বাসে যাত্রীবেশে ছিলেন মানিক, মাহবুবুল ও রবিউল। তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ৬৮০ ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া চারটি মোবাইল ফোনসহ ২ লাখ ৪ হাজার টাকাও জব্দ করা হয়।
আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তারদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে মানিক মিয়া হত্যা, ছিনতাইসহ একাধিক মামলার আসামি বলে র্যাবের ওই কর্মকর্তা জানান।
