২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ: লংগদুতেও ১৪৪ ধারা জারি

এর আগে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগ কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 01:00 AM

Updated : 29 Aug 2022, 01:00 AM

সমাবেশ ঘিরে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর লংগদুতেও ১৪৪ ধারার মুখে পড়ল বিএনপি।

সোমবার সকালে লংগদু উপজেলার মাইনী বাজারে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ রয়েছে।

রোববার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে একই স্থানে আকস্মিক কর্মসূচি ঘোষণা করে লংগদু উপজেলা আওয়ামী লীগ।

এই দুই দলের নেতাকর্মীদের মুখোমুখি পরিস্থিতি এড়াতে রোববার রাতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, উভয় দলই একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করতে হয়েছে।

এর আগে রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেখানে কোনো দলই কর্মসূচি পালন করতে পারেনি।