স্বতন্ত্রের কর্মীকে ‘হত্যার’ হুমকি, যুবলীগ-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
“শাখাওয়াতকে শুধু বলা হয়েছে, আপনারা মানুষকে সঠিক তথ্য দেবেন।”
মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে হত্যার হুমকির অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
সিঙ্গাইর, হরিরামপুর এবং সদর উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মী শাখাওয়াত হোসেন মামলাটি করেছেন।
বুধবার মামলাটি হয় বলে হরিরামপুর থানার ওসি শাহানুর এ আলম জানান।
ওই আসনে আওয়ামী লীগের হয়ে তৃতীয়বারের মত নির্বাচন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তার সমর্থক ও হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি কলেজগেট মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি।
“এ সময় মোল্লা ফরিদ এবং রিফাত চৌধুরীসহ ২০-২৫ জন মোটরসাইকেলে এসে চায়ের দোকানে প্রবেশ করে তার হাতে লিফলেট দিয়ে নৌকা মার্কার মিছিলে যেতে বলেন।
শাখাওয়াত বলেন, “আমি অস্বীকার করলে তারা টানা-হেঁচড়া করতে থাকেন। বাধা দিলে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।”
তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফরিদ মোল্লা ও রিফাত চৌধুরী ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ফরিদ মোল্লা বলেন, “এ ধরনের ঘটনা কোথাও ঘটেনি। এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমাদের হেনস্থা করার জন্য এসব কাজ করছেন ওই ব্যক্তি।”
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত চৌধুরী বলেন, “শাখাওয়াত হোসেন বিএনপির লোক। আমাদের যথেষ্ট নৌকার নেতাকর্মী রয়েছে। আমরা কেন তাকে নৌকার লিফলেট বিতরণ করতে বলব?
“দীর্ঘদিন যাবত বিএনপি করা লোককে জোর করে মিছিলে নেওয়ার কোনো মানে হয় না। তার সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, “চায়ের দোকানদারদের কাছে আমরা নৌকা মার্কায় ভোট চেয়েছি। তাকে হুমকি-ধামকি কোনো কিছুই দেওয়া হয়নি।
রিফাত চৌধুরী বলেন, “শাখাওয়াতকে শুধু বলা হয়েছে, আপনারা মানুষকে সঠিক তথ্য দেবেন। ভুল তথ্য দিয়ে মানুষকে ভোটকেন্দ্রে যেতে বিমুখ এবং অপপ্রচার চালাবেন না।”
