২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদক কারবারির’ বাড়ির পাশে লাশ, ঘরে আগুন দিল জনতা

নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে; জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

‘মাদক কারবারির’ বাড়ির পাশে লাশ, ঘরে আগুন দিল জনতা

দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের গাদতলা গ্রামের এই বাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 09:13 PM

Updated : 25 Feb 2023, 09:13 PM

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ‘মাদক কারবারির’ বাড়ির সামনে থেকে লাশ উদ্ধারের পর জড়িত সন্দেহে দু্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

শনিবার সকালে উপজেলার পাথরাইল ইউনিয়নের গাদতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান।

নিহত রায়হান আলী (২০) দেলদুয়ার সদর ইউনিয়নের নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে।

ওসি বলেন, পাথরাইল-গাদতলা সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রায়হানের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি আরও বলেন, “রাতে মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Image

নিহত রায়হান আলী।

“পরে মরদেহ মর্জিনার বাড়ির সামনে ফেলে রাখে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তার (মর্জিনা) বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।”

এদিকে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি আজাহার।

ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, “ময়নাতদন্তের শেষে মামলার এজাহার হবে। মর্জিনা ১০-১২ দিন আগে মাদক মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন। ঘটনার পর থেকে তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।”