২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে স্কুল ছাত্রী হত্যায় দুই যুবকের মৃত্যুদণ্ড

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিত ভাবে জেরিনকে হত্যা করা হয়।

হবিগঞ্জে স্কুল ছাত্রী হত্যায় দুই যুবকের মৃত্যুদণ্ড

আদালত প্রাঙ্গণে মৃত্যুদণ্ড প্রাপ্ত জাকির হোসেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 10:59 PM

Updated : 14 Feb 2024, 10:59 PM

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত রায় এক আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে বাদীপক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারি নোমান জানান।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার ধল গ্রামের বাসিন্দা জাকির হোসেন (২৫) এবং ওই উপজেলার পাটলি গ্রামের নুর আলম (২২)। নুর আলম পলাতক রয়েছেন।

আইনজীবী বলেন, ২০২০ সালের ১ জানুয়ারি সকালে নূর আলমের অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল ধল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে মদিনাতুল কুবরা জেরিন। আগে থেকেই ওই অটোরিকশায় ছিলেন জাকির।

জেরিনের স্কুল পেরিয়ে গেলেও তাকে নামিয়ে দিচ্ছিলেন না চালক। এ সময় নামার চেষ্টা করলে তার সঙ্গে ধস্তাধস্তি এক পর্যায়ে সে অটোরিকশা থেকে লাফ দিলে মাথায় আঘাত পায়।

তিনি আরও বলেন, এরপর তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি মারা যায় জেরিন।

ওইদিন রাতেই জেরিনের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন । এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে দেওয়া জবানবন্দিতে তারা জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিত ভাবে জেরিনকে হত্যা করা হয়। ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত দুই আসামিকে অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে এবং হত্যা মামলায় উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করে বলে জানান বাদী পক্ষের এই আইনজীবী।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]