২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চলন্ত মাইক্রোবাসে আগুন, চার কিলোমিটার যানজট

ইঞ্জিনে ত্রুটির কারণে মাইক্রোটিতে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 06:09 PM

Updated : 12 Aug 2023, 06:09 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর মহাসড়কে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শনিবার দুপুরে উপজেলার পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতুর পাশে এ ঘটনা ঘটে বলে পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার রতন রায় জানান।

মাইক্রোবাসের চালক রাজিব মিয়া বলেন, রাজধানীর নতুন বাজার থেকে ‘অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি কোম্পানি’র কর্মচারীদের পূর্বাচলে নামিয়ে দিয়ে ফেরার পথে হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিসের রতন রায় বলেন, খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িটি পুড়ে যায়। মাইক্রোবাসে কোনও যাত্রী ছিল না। ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে চালক বেরিয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

মাইক্রোবাসটির ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।