শিকদার বাড়িতে ফিরেছে দুর্গোৎসব, প্রস্তুত ৫০১ প্রতিমা
বাগেরহাটে ৬৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পূজা উদ্যাপন পরিষদ।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে বাগেরহাটে ৬৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে সাজসজ্জা।
এদিকে তিন বছর বন্ধ থাকার পর সদর উপজেলার খানপুর ইউনিয়নের শিকদার বাড়িতে বড় পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে ৫০১ প্রতিমা। দুর্গোৎসবে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে প্রত্যাশা আয়োজকদের।
জানা গেছে, কোভিড মহামারীর কারণে তিন বছর বন্ধ ছিল খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির দুর্গোৎসব। ব্যক্তি উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে এ পূজা আবারও অনুষ্ঠিত হচ্ছে। এই মণ্ডপে এবারের নতুন আকর্ষণ ৬৫ ফুটের কুম্ভকর্ণের মূর্তি। পাঁচ মাস ধরে ১৫ জন প্রতিমা শিল্পী এসব তৈরি করেন।
সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- চার যুগের দেব-দেবীর ৫০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। সনাতন ধর্মের নানা দেব-দেবীকে মানুষের সঙ্গে পরিচয় করাতেই তাদের এই আয়োজন।
স্থানীয় সুমন ঘোষ ও শেখ মনিরুজ্জামান জানান, হাকিমপুর গ্রামের ৯০ শতাংশ মানুষ মুসলিম। তারাও এই পূজায় সহযোগিতার হাত বাড়ান। এখানে ধর্ম যার যার, উৎসব সবার।
নয় বছর ধরে এ বাড়িতে পূজা হচ্ছে। সবাই পূজা দেখতে যান। সবার মধ্যে একটা বন্ধন তৈরি হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানান তারা।
প্রতিমা তৈরির কারিগর বিজয় কৃষ্ণ বাছাড় বলেন, “২০১৯ সালে এই মণ্ডপে ৮০১টি প্রতিমা তৈরি করি। কোভিড মহামারীর কারণে গত তিন বছর পূজা বন্ধ ছিল। এ বছর আবার বড় পরিসরে পূজা হচ্ছে। চার যুগের দেবদেবীর ৫০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। মণ্ডপের রংতুলি ও সাজসজ্জার কাজও শেষ হয়েছে।”
বাগেরহাট জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার দাস বলেন, “শুক্রবার ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। এ বছর জেলায় ৬৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বড় পূজাটি হচ্ছে শিকদার বাড়িতে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশগ্রহণ করবেন।”
সবাই যাতে নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারে সেজন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান তিনি।
শিকদার বাড়ির লিটন শিকদার বলেন, “শিকদার বাড়িতে প্রথম ২০১০ সালে ১৬৫টি প্রতিমা দিয়ে দুর্গোৎসব শুরু হয়। প্রতিবছর কলেবর বৃদ্ধি পেয়ে সবশেষ ২০১৯ সালে তা ৮০১টি প্রতিমাতে উন্নীত হয়। মহামারীর মধ্যে তিন বছর সীমিত পরিসরে পূজা করতে হয়।
“এ বছর ৫০১টি প্রতিমা দিয়ে নতুন করে আবার শুরু করছি। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি নিয়ে চার যুগে যত দেবদেবী ও অবতার পৃথিবীতে এসেছেন তাদের সমন্বয়ে এসব প্রতিমা তৈরি করা হয়েছে; যা দেখে সবাই আনন্দিত হবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।”
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব করতে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের নিয়ে একাধিক সভা করা হয়েছে। মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মণ্ডপগুলোতে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পাশাপাশি র্যাবের টহলও থাকবে।
