২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রংপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীরা

ধর্মঘটের দ্বিতীয় দিনে রংপুরে ঢাকাগামী বাসসহ আন্তঃজেলায় কোনো বাস চলছে না; বন্ধ রয়েছে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাসও। এর ফলে রংপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 10:12 AM

Updated : 29 Oct 2022, 10:27 AM

রংপুরে বাস না চললেও বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেঁটে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার ভোর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে হেঁটে সমাবেশস্থলে আসতে শুরু করেন। ইতোমধ্যে মঞ্চে মাইক সংযোগ দেওয়াসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেলা ১২টার মধ্যেই সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা।

কুড়িগ্রাম জেলা থেকে আসা নেতাকর্মীদের মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসতে দেখা গেছে।

রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েটিফোর ডটকমকে বলেন, “নেতাকর্মীরা বেলা ১১টার মধ্যে সমাবেশস্থলে চলে আসবেন। বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে আসার জন্য রওনা দেওয়া নেতাকর্মীদের নগরীর মর্ডান মোড়, সিও বাজার, বাস টার্মিনাল ও মেডিকেল মোড়ে পুলিশ বাধা প্রদান করছে। নেতাকর্মীদের হুমকি-ধমকিও দিচ্ছে।”

রংপুরে বিএনপির চতুর্থ বিভাগীয় গণসমাবেশ হবে। শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার দুপুর থেকে সমাবেশের মূল কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশের আগে শুক্রবার ভোর থেকে চলছে পরিবহন মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট। শনিবার দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাসসহ আন্তঃজেলায় কোনো বাস চলছে না; বন্ধ রয়েছে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাসও। এর ফলে রংপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ধর্মঘট চললেও রংপুর বিভাগের আট জেলা বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক-বাস ভাড়া করে এবং ট্রেনে করে রংপুরে এসে পৌঁছেছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

সেখানে নেতাকর্মীদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। এসব প্যান্ডেলে অবস্থান করছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।