নেত্রকোণায় বাসস্ট্যান্ডে ২ বাসে আগুন
হিরণ এন্টারপ্রাইজের মালিক জানান, বাসের মধ্যেই হেলপার থাকত। আগুন দেখে হেলপার বাস থেকে বের হয়ে যায়।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে নেত্রকোণার কেন্দুয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা দু’টি বাসে আগুন দেয়া হয়েছে। এতে একটি বাস সম্পূর্ণ ও অপরটি আংশিক পুড়ে গেছে।
বুধবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে বাসে আগুন দেয়ার এই ঘটনা হয় বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি এনামুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে ‘হিরণ এন্টারপ্রাইজ’ নামের বাসটি পুড়ে গেছে, আর ‘হিমাচল এন্টারপ্রাইজ’ নামের বাসের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
হিরণ এন্টারপ্রাইজ বাসের মালিক মো. হিরণ মিয়া জানান, বাসটি মদনের উচিৎপুর ঘাট স্ট্যান্ড থেকে চট্টগ্রামে চলাচল করে। অবরোধের মধ্যে কেন্দুয়া বাসস্ট্যান্ডে সেটি পার্কিং করে রাখা ছিল। বাসের মধ্যেই হেলপার থাকত।
“রাত সোয়া ৩টার দিকে ফোনে জানতে পারি বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেখে হেলপার বাস থেকে বের হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।”
ওসি এনামুল হক বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় থাকা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
জেলা পুলিশের মুখপাত্র লুৎফর আরও জানান, জেলাজুড়ে অবরোধের কোন প্রভাব নেই। সবকিছুই স্বাভাবিক রয়েছে। জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। রেলও চলছে স্বাভাবিক।
তাছাড়া জেলার হাওরাঞ্চল দিয়ে ধনু নদীর নৌপথেও স্বাভাবিকভাবেই নৌযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
