জমিতে বিদ্যুতের তার, খাগড়াছড়িতে প্রাণ গেল মা-মেয়ের
প্রতিবেশীরা জানান, সন্ধ্যায় গরু আনতে গিয়ে অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে যান মা ও মেয়ে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার গচ্ছাবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম জানান।
নিহতরা হলেন- উপজেলার গচ্ছাবিলের শাহানগর এলাকার কুলছুমা বেগম (৩২) এবং তার মেয়ে ইশরাত জাহান কলি (৮)।
প্রতিবেশীরা জানান, বৈদ্যুতিক তার জমিতে পড়েছিল। সন্ধ্যায় গরু আনতে গিয়ে অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে যান মা ও মেয়ে। খবর পেয়ে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. মহিউদ্দিন দুজনকে মৃত ঘোষণা করেন।
ওসি শাহনূর আরও বলেন, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
