২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী রাজ্জাক ১৫ দিন রিমান্ড শেষে কারাগারে

রিমান্ড শেষে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

টাঙ্গাইলে দুটি হত্যাসহ তিন মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে সাবেক কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে।

রোবাবর বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল মোহসীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদলতের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান।

গত ৪ অগাস্ট ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মধুপুর থানায় দায়ের করা মামলায় আব্দুর রাজ্জাকের পাঁচ দিনের রিমান্ড শেষ হয় রোববার। এদিন বিকাল ৪টায় টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

ওই আদালতের বিচারক মাহমুদুল মোহসীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কড়া নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে তাকে আদালত থেকে প্রিজনভ্যানে করে টাঙ্গাইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত পরিদর্শক মিজানুর বলেন, “কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আব্দুর রাজ্জাককে মধুপুর থানায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনার মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

এর আগে গত ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। সেখানে টাঙ্গাইল শহরে গত ৫ আগস্ট গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, মির্জাপুরে গত ৩ অগাস্ট গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলা এবং গত ৪ অগাস্ট মধুপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। সংশ্লিষ্ট আদালতগুলো থেকে তাকে পাঁচ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড মঞ্জুর হওয়ার পর প্রথমে আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল সদর থানায় স্কুল ছাত্র মারুফ হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়। সেখানে পাঁচ দিন জিজ্ঞেসাবাদ করা হয়। পরে ১৫ নভেম্বর ইমন হত্যা মামলায় জিজ্ঞেসাবাদের জন্য মির্জাপুর থানায় নেওয়া হয়। সবশেষ গত ২০ নভেম্বর মধুপুর থানায় নেওয়া হয় তাকে। সেখানে গত ৪ অগাস্ট ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞেসাবাদ করা হয়।

জিজ্ঞেসাবাদে আব্দুর রাজ্জাক মারুফ হত্যা, ইমন হত্যা এবং মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার সঙ্গে তার কোনো প্রকার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি এসব মামলায় আদালতে জবানবন্দি দেবেন না বলেও পুলিশকে জানান।

আব্দুর রাজ্জাকের আইনজীবী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বারের সভাপতি একেএম শামীমুল আক্তার বলেন, জামিনের জন্য তারা আবেদন করেননি। আগামী ধার্য তারিখে জামিনের আবেদন করা হবে।