২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ অরোহীর মৃত্যু

এ ঘটনায় অপর এক আরোহী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ অরোহীর মৃত্যু
প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

বরিশাল নগরে বাসের ধাক্কায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকসহ দুই আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক আরোহী। 

শুক্রবার বরিশাল-ঢাকা মহাসড়কে নগরের গড়িয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম। 

নিহতরা হলেন- নগরের পুরানপাড়া এলাকার বাসিন্দা শুক্কুর হাওলাদারের ছেলে মোটরসাইকেল চালক কবির হাওলাদার (৪০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামের বাসিন্দা তপন ভূঁইয়ার ছেলে মিনহাজ ভূঁইয়া (১৪)।

আহত রেজাউল মোল্লা (৪০) পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদি গ্রামের প্রয়াত আমজাদ হোসেনের ছেলে। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এয়ারপোর্ট থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ভাড়ায় চালিত মোটরসাইকেলে কবির দুই যাত্রীকে নিয়ে ঢাকামুখী পথে যাচ্ছিলেন। পথে বিপরীতদিক থেকে আসা শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

তিনি বলেন, ঘটনার পরপর বাস রেখে চালক ও সহকারী পালিয়েছেন। অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।