Published : 09 Apr 2026, 07:12 PM
জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ৪২.৩৭ শতাংশ। অপরদিকে শেরপুর-৩ আসনে ভোটের হার শতকরা ৫০.৫২ ভাগ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পরে শুরু হয় ভোট গণনা।
বগুড়ার উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, এই আসনে মোট ভোটের সংখ্যা চার লাখ ৫০ হাজার ৩০৯ জন। ভোট পড়েছে এক লাখ ৯১ হাজার ৬৯৬টি।
অপরদিকে শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এই আসনে মোট ভোটা চার লাখ ৯৮ হাজার ৩ জন।
নির্বাচনে বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে ভোটে অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থীরা।
এর মধ্যে ভোট বর্জন করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান।
আর দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ, আগেই ফলাফল শিটে স্বাক্ষর করে রাখাসহ কিছু অভিযোগ করেছেন বগুড়া-৬ এর প্রার্থী আবিদুর রহমান সোহেল।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। তফসিল ঘোষণার পর শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত হয়েছিল।
অন্যদিকে বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোটগ্রহণ শেষে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
শেরপুর ও বগুড়ায় ভোট শেষে চলছে গণনা
শেরপুর-৩: ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর
বগুড়া-৬ উপনির্বাচন: আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ জামায়াতের