Published : 09 Apr 2026, 04:33 PM
বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে শেরপুর-৩ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শ্রীবরদি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন তিনি।
বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে শেরপুর-৩ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শ্রীবরদি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে তিনি নিজে উপস্থিত থেকে জাল ভোটদাতাদের হাতেনাতে আটক করে প্রিজাইডিং কর্মকর্তার কাছে সোপর্দ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
জামায়াত প্রার্থী বলেন, ঝগড়াচর কেন্দ্রে তার উপস্থিতিতে একজনকে আটক করে পুলিশের কাছে দেয়া হলেও পরবর্তীতে আবারও জাল ভোটের ঘটনা ঘটে।
এছাড়া পুরাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক এজেন্ট নিজ হাতে ব্যালটে সিল মারছিলেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদকে জানানো হলেও তিনি নীরব ছিলেন।
বিভিন্ন কেন্দ্রে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলারও অভিযোগ করেন এই প্রার্থী।
তিনি বলেন, ত্রিপদী সদর ইউনিয়নের উত্তর ত্রিবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কাকিলাকড়া ইউনিয়নের ঘরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঝিনাইগাতী উপজেলার কাংসা ইউনিয়নের আয়নাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের কর্মীদের ওপর হামলা এবং থেকে তাদের এজেন্টদের গালিগালাজ করে বের করে দেয়া হয়েছে।
এছাড়া শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র দখল করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এসব পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর-৩ আসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন এ আসনের ভোটের কার্যক্রম বাতিল ঘোষণা করে।
পরবর্তীতে পুনঃতফসিলে ৯ এপ্রিল এ আসনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে এবার ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের মিজানুর রহমান।