২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যায় শাশুড়ির প্রাণদণ্ড

২০১৫ সনের ২ মে অন্তঃসত্ত্বা পাপিয়াকে মারপিট করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 08:27 PM

Updated : 03 Aug 2023, 08:27 PM

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে শাশুড়িকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এম এ আফজল জানান।

দণ্ড পাওয়া পারুল আক্তার (৫০) উপজেলার দক্ষিণ উলুখলা গ্রামের আনোয়ারুল হক খোকনের স্ত্রী।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় গৃহবধূর স্বামী আসিকুল হক ও ফুফু শাশুড়ি বিবি হাওয়া আক্তারকে মামলা থেকে খালাস পেয়েছেন।

মামলার এক আসামি শিশু হওয়ায় শিশু আদালতে তার বিচার চলমান রয়েছে। এছাড়া বিচার চলাকালীন শ্বশুর আনোয়ারুল মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বরাতে পিপি আফজল জানান, ২০১৩ সালে আসিকুল হকের সঙ্গে মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের নাজির মিয়ার মেয়ে পাপিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর দুই লাখ টাকা যৌতুক দাবি করে পাপিয়াকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত।

“২০১৫ সনের ২ মে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা পাপিয়াকে মারপিট করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে ২০১৫ সালের ৭ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

পিপি আরও জানান, এ ঘটনায় পাপিয়ার ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর ও ফুফু শাশুড়িকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর তৎকালীন এসআই এস এম জহিরুল ইসলাম পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন।