বগুড়ায় সমিতির ভোটের দিন হাত-পা ভেঙে দেওয়া সেই প্রার্থী মারা গেছেন
ফতেহ আলী বাজার সমিতির নির্বাচন চলাকালে আলালকে তুলে নিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দেওয়া হয় বলে জানায় পুলিশ।
বগুড়া সদরে ফতেহ আলী বাজার বহুমুখী কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের দিন তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়া সেই প্রার্থী মারা গেছেন।
ঘটনার ছয় দিন পর শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার।
নিহত আলাল শেখ (৪৬) শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। তিনি শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিন শেখের শ্যালক। আলাল ফতেহ আলী বাজার বহুমুখী কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
পুলিশের ভাষ্য, ২৮ মার্চ ফতেহ আলী বাজারে সমিতির নির্বাচন চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ‘হরিণ’ প্রতীকের প্রার্থী আলালকে একদল যুবক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি বাগানে নিয়ে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায়।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় আলালের বাবা মেরু শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার দিন অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিবির ওসি ইকবাল বাহার বলেন, গুরুতর জখমের ঘটনায় করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে একাধিক দল মাঠে কাজ করছে।
