বগুড়ায় ভোট চলাকালে প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিল
ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।
বগুড়া ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন চলাকালে সাধারণ সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় প্রার্থী আলাল শেখকে (৪৬) শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল ৩টার দিকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় ডিবি ও থানা পুলিশ জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করেছে।
আলাল শেখ শহরের চকসূত্রাপুর এলাকার মেরু শেখের ছেলে। তিনি বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কারাবন্দি মতিন শেখের শ্যালক।
পুলিশ জানায়, সকাল থেকে বাজার সমিতির ভোট গ্রহণ চলছিল। সাড়ে ১১টার দিকে কয়েক ব্যক্তি মোটরসাইকেলে এসে আলাল শেখকে তুলে নিয়ে যায়। পরে মালগ্রাম ডাবতলা এলাকায় একটি বাগানের মধ্যে বেঁধে তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।
পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করেছে।
