১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ হারিয়ে রংপুর সিটির মেয়র বললেন, ‘ওয়েলকাম’

সোমবার ১২টি সিটি করপোরেশনের মেয়রকে সরিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

পদ হারিয়ে রংপুর সিটির মেয়র বললেন, ‘ওয়েলকাম’
রংপুর সিটি করপোরেশন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 05:32 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাপক রদবদলের মধ্যে এবার দেশের স্থানীয় সরকার বিভাগের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

অপসারণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

জাতীয় পার্টি থেকে নির্বাচিত এ জনপ্রতিনিধি বলেন, “এটা তো সরকারের সিদ্ধান্ত, আমার বলার কিছু নাই। সরকারের সিদ্ধান্তকে ওয়েলকাম জানাই।”

সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়রদের অপসারণের কথা জানানো হয়।

নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪ এর ২৫ (ক) ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা শীর্ষক অধ্যাদেশের ১৩ (ক) ধারায় বলা হয়েছে, “এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশক বিবেচনা করিলে বা জনস্বার্থে, সকল সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে।”

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলী, আর ঢাকা উত্তর সিটিতে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।

আর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কমিশনারদের দেওয়া হয়েছে ওইসব সিটি করপোরেশনের দায়িত্ব।

আরও পড়ুন:

মেয়রদের সরিয়ে ১২ সিটিতে প্রশাসক