Published : 09 Sep 2026, 10:20 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নৌকার সঙ্গে পানিতে দড়ি দিয়ে বাঁধা কয়েকটি বস্তা থেকে ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বুধবার উপজেলার হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটকরা হলেন- হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের জয়ঘর দাস (৫০) ও মো. হোসাইন (২০)।
বিজিবি জানিয়েছে, উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা।
বিজিবি জানায়, বড় একটি ইয়াবার চালান দেশে ঢোকার চেষ্টা করছে- এমন তথ্যের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। টহলের পাশাপাশি ড্রোন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয়।
বুধবার দিনের বেলায় জেলের ছদ্মবেশে একটি নৌকা নিয়ে সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করা হয়। নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির একটি দল সেটিকে থামার সংকেত দেয়।
এ সময় নৌকার লোকজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে কোনো মাদক পাওয়া যায়নি। তবে নৌকার সঙ্গে দড়ি দিয়ে পানিতে বাঁধা কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা।
বস্তাগুলো তুলে খুললে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১৪০ কার্টনে ১৪ লাখ ইয়াবা পাওয়া যায়।
বিজিবির ভাষ্য, দিনের বেলায় জেলের ছদ্মবেশে এবং নৌকার সঙ্গে পানিতে বস্তা বেঁধে ইয়াবা পাচারের চেষ্টা করা হয়েছিল।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তি ও জনবল বাড়িয়ে চোরাচালান বন্ধে বিজিবি কাজ করছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬৪ বিজিবি এক কোটি ৪৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ২৪৩ জনকে আটক করা হয়েছে।