১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দাবদাহে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু

বিশ্ববিদ্যালয় প্রসাশন জানায়, ৪ মে পর্যন্ত অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।

দাবদাহে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 05:18 PM

Updated : 22 Apr 2024, 07:45 PM

দেশজুড়ে চলমান দাবদাহে কারণে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে; এ ছাড়া সব বিভাগের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।

রোববার রাতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের অষ্টম জরুরি সভা (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৪ মে পর্যন্ত অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

“সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক, উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চললেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এবং জরুরি পরিষেবাসমূহ যথানিয়মে চলবে।”

এ ছাড়া দাপ্তরিক প্রয়োজনে দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দপ্তরে অবস্থান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে আরও বলা হয়, আগামী ২৭ এপ্রিল (শনিবার) ও ০৩ মে (শুক্রবার) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনুষ্ঠাতব্য জিএসটি পরীক্ষা বা গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথানিয়মে পরিচালিত হবে।