১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংস্কারের নামে টালবাহানা নয়: আব্দুল আউয়াল মিন্টু

চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 12:17 AM

Updated : 26 Aug 2026, 11:50 AM

বিএনপি দেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেছেন, “বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই, অতি দ্রুত আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সংস্কার সংস্কার বলে বিলম্ব করবেন না। সংস্কারের নামে টালবাহানা চাই না।”

সোমবার বিকালে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।  

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে বিএনপি এ সমাবেশের আয়োজন করে। 

আব্দুল আউয়াল মিন্টু বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। এতে যারা বিজয়ী হবেন, তাদের বিষয়ে কোনো আপত্তি থাকবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এটিকে আমরা মনে করি ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করে তাদেরকে গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই।”

বিএনপি নেতা বলেন, “আমরা আন্দোলন-সংগ্রাম করেছি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। যতদিন দাবি পূরণ না হবে, আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে। আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। দ্রুত সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসবেন।”

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহসাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, ফরিদগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ ও সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ সেলিম, সদর থানা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্যসচিব হারুনুর রশিদ, জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, আব্দুস শুক্কুর পাটওয়ারী, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মুনীর চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, জহির উদ্দিন বাবর ও আফজাল হোসেন।