কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
একদিন আগে পদ্মা নদীতে বালু উত্তোলনের খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানায় পুলিশ।
কুষ্টিয়ায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার ব্যানারে শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের পাঁচ রাস্তার মোড় মুজিব চত্বরের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাহিদুজ্জামান।
তিনি বলেছেন, “এ সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে মডেল থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং রাজপথ অবরোধ ও স্থানীয় পত্রিকাসহ সকল গণমাধ্যমে কলম বিরতির মতো কর্মসূচি দেওয়া হবে।”
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, সাধারণ সম্পাদক নুর আলম দুলাল ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা ও নদীর গতিপ্রকৃতি সুরক্ষার উদ্দেশে নির্ধারিত মৌজাভুক্ত এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে পারেনি প্রশাসন। এক শ্রেণির অসাধুরা প্রকাশ্যে দিন-রাত বালু তুলছে।
প্রতিদিন দুই শতাধিক ট্রলার ভর্তি করে বালু তুলছে চক্রটি। এভাবে অপরিকল্পিতভাবে বালু তোলায় নদী হারাচ্ছে স্বাভাবিক প্রকৃতি। অন্যদিকে ভাঙনে বিলীন হচ্ছে নদীপাড়ের সমতল ভূমি, কৃষি জমি, স্থাপনাসহ বাড়িঘর। আর সংবাদ সংগ্রহে গিয়ে বালুখোর চক্রটির হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা।
হামলার ঘটনায় করা মামলায় উল্লেখ করা হয়েছে, “উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পদ্মা নদীতে খবর সংগ্রহ করতে যান কয়েকজন সাংবাদিক।
“এ সময় বালু উত্তোলনের ভিডিও ধারণ করার এক পর্যায়ে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের নির্দেশে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি শরীফ বিশ্বাস, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী, এনটিভির ক্যামেরা পার্সন আশিফুজ্জামান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন এস আই সুমনের ওপর হামলা চালায়।
“হামলাকারীরা সাংবাদিকদের স্পিড বোটটি তাদের স্পিড বোট দিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া সাংবাদিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ছিনিয়ে নেওয়া হয় ভিডিও ধারণ করা একটি ক্যামেরা এবং মোবাইল ফোন।”
এ ঘটনায় সাংবাদিক জাহিদুজ্জামান বাদী হয়ে তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডলকে প্রধান আসামি করে শামীম, টিক্কা ও সজিবের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও তিনজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
মামলার বিষয়ে জানাতে ইউপি চেয়ারম্যান হান্নান মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
হামলার ঘটনায় মামলা হয়েছে জানিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
