শরীয়তপুরে নিলাম ছাড়াই স্কুলের মালামাল বিক্রির অভিযোগ
ওই বিদ্যালয়ের প্রধান ভবনের উপরে টিনশেডের ঘরটির মালামাল ৯০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।
শরীয়তপুর সদর উপজেলায় নিলাম বিজ্ঞপ্তি ছাড়া একটি বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ উঠেছে।
উপজেলার চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের একতলা প্রধান ভবনের উপর নির্মিত অস্থায়ী টিনশেডের ঘর বৃহস্পতিবার দুপুরে ভেঙে নিয়ে যেতে দেখা গেছে।
চিতলিয়া গ্রামের জুয়েল সরদার ও মিয়ন সরদার ঘরটির মালামাল ৯০ হাজার টাকায় কিনেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্কুলের প্রধান ভবনের উপরে আরও দুটি তলা নির্মাণ করা হবে। এজন্য উপরের টিনশেডের ঘরটি অপসারণের জন্য প্রায় তিন মাস আগে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়।
তবে স্কুলের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ দাবি করেন, “সভাপতির উপস্থিতে ম্যানেজিং কমিটির সদস্য এম বি আলম, সহকারী প্রধান শিক্ষক বজলুর রশিদ ও শরীর চর্চা শিক্ষক সিরাজুল হককে টিনশেড তলাটি বিক্রি করার দায়িত্ব দেওয়া হয়।
“তারা নিলাম না ডেকে স্থানীয়ভাবে সবাইকে জানিয়ে টিনশেডের তলাটি জুয়েল ও মিয়নে কাছে বিক্রি করেন”, বলেন প্রধান শিক্ষক।
ক্রেতা জুয়েল সরদার ও মিয়ন সরদার জানান, টিনশেডের মালামাল বিক্রির বিষয়টি তারা প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক বজলুর রশিদের কাছে শুনেন।
অন্যান্যরা যেখানে ৫০ থেকে ৭০ হাজার টাকা দাম বলেছিল। তারা সেটা ৯০ হাজার টাকায় দিয়ে কিনে নেয়। এখন শ্রমিক দিয়ে ভেঙে মালামাল নিয়ে যাচ্ছে বলে জানান তারা।
প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ বলেন, “এলাকার মানুষের অনুদান ও স্কুলের ফান্ড থেকে টাকা নিয়ে মূল ভবনের ছাদের ওপর একটি টিনশেড ভবন নির্মাণ করা হয়েছিল। ভবনটি বিক্রির জন্য নিলামের ব্যবস্থা করা হয়নি।
“স্থানীয়ভাবে অনেকই জানানো হয়েছিল কিন্তু তাদের মধ্য থেকে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হয়েছে মালামাল। যা নিলামের মতই। টিনশেড ভবনটি বিক্রির জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছিল। ওই কমিটি স্থানীয়দের কাছে বিক্রি করেছেন।”
ম্যানেজিং কমিটির সদস্য এম বি আলম বলেন, “টিনশেডের ওই তলাটি অপসারণ বিষয়ক সভায় আমি প্রস্তাব করেছিলাম। শিক্ষা অফিসার ও ইউএনও স্যারকে জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিলাম ডেকে তলাটি বিক্রি করা হোক।
“কিন্তু আমাকে কোনো কিছু না জানিয়ে প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ ও সহকারী প্রধান শিক্ষক বজলুর রশিদ মিলে তার ভগ্নিপতির কাছে বিক্রি করে দিয়েছে। তলাটি বিক্রির বিষয়ে আমাকে যে দায়িত্ব দেওয়ার কথা বলছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।”
ম্যানেজিং কমিটির সভাপতি ওলিউর রহমান বলেন, “টিনশেডের ওই তলাটির মালামাল বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। মিটিংয়ে রেজুলেশন হয়েছিল তলাটি অপসারণ করা হবে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “স্কুলের বিক্রি করা ভবনের মালামালগুলো জব্দ করা হয়েছে। ভবন বিক্রিতে জড়িত থাকার বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “নিলাম বিজ্ঞপ্তি ছাড়া এভাবে স্কুল ভবনের কোনো অংশ বিক্রি করার বিধান নেই। আমি কাগজপত্র দেখেছি, তাতে সভার স্বাক্ষর আছে। ভবন ভাঙার কাজ স্থাগিত করে রাখা হয়েছে। স্বাক্ষর জাল কি-না তা খতিয়ে দেখব।”
