রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিন দিনের সময় বেঁধে দেন শিক্ষকরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক রেজার ওপর হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, “শিক্ষকদের নিরাপত্তার দাবিতে আজ মাঠে নামতে হয়েছে। এটি শুধু একজন শিক্ষকের ওপর হামলা নয়, সমস্ত শিক্ষক সমাজের ওপর হামলা। এটা প্রতিহত করতে হবে।
“হামলা-ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মূল হামলাকারী এখনও ধরা পড়েনি।”
হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি তিন দিনের সময় বেঁধে দেন শিক্ষকরা।
মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, “অধ্যাপক আলী রেজা দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির সঙ্গে যুক্ত আছেন। এ ঘটনার বিচার না হলে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে। তাই দ্রুত হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ওমর ফারুক সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আইন বিভাগের ডিন ও সিন্ডিকেট সদস্য আ. ন. ম. ওয়াহিদ।
তিনি বলেন, “আমি এই সন্ত্রাসী বাহিনীর নাম দিয়েছি, ‘মোটরসাইকেল বাহিনী’। রাজশাহীর সব জায়গায় তাদের দৌরাত্ম্য বেড়েছে। আমরা সাধারণ শিক্ষকরা অসহায় হয়ে পড়েছি।
“ঘটনাটি আমাদের শিক্ষকদের ইমেজকে দারুণভাবে ক্ষতি করেছে। এই দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনতে হবে। তবেই তাদের প্রতিহত করা সম্ভব।”
মানববন্ধনে বিভিন্ন বিভাগের অন্তত ৩০ শিক্ষক উপস্থিত ছিলেন।
শুক্রবার রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে মিষ্টিবাড়ি দোকানের সামনে অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা।
ঘটনার দিন রাতেই নগরীর মতিহার থানায় মামলা করা হলে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
