টেকনাফ উপকূল দিয়ে পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ১
তাদের চাকরির কথা বলে ৫০ হাজার টাকায় দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়, বলছে উদ্ধারদের একজন।
অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত এক দালালকে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা দিয়ে পাচারকালে তাদের উদ্ধার করা হয়।
আটক দালাল নেজাম উদ্দিন ওরফে মেহেবুব বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার বাসিন্দা।
আর উদ্ধাররা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বসবাসকারী রোহিঙ্গা।
ওসি গিয়াস উদ্দিন বলেন, “মেরিন ড্রাইভের কচ্ছপিয়া নৌঘাট দিয়ে সাগর পথে নারী-শিশুসহ রোহিঙ্গাদের একটি দল মালয়েশিয়া পাচার হচ্ছে, গোপন খবরে সাগরপাড়ে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ১১ নারী, ৫ শিশু ও ২ পুরুষ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ।
“এ সময় এক দালালকে আটক করা হয়। আইনি কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
উদ্ধার হওয়া কুতুপালং ক্যাম্পের এক রোহিঙ্গা (অপ্রাপ্ত বয়স্ক বলে নাম প্রকাশ করা হল না) বলেন, “আমাদের চাকরির কথা বলে কুতুপালং ক্যাম্প থেকে টেকনাফে এনে ৫০ হাজার টাকায় দালালদের কাছে বিক্রি করে দেয়। দালালরা হাত-পা বেঁধে গহিন পাহাড়ে নিয়ে নয় দিন রাখে। পরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নৌকায় তুলতে গেলে পুলিশ আমাদের উদ্ধার করে।”
