যান্ত্রিক ত্রুটিতে ফের যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
১৩ মাস বন্ধের পর গ্যাসের সংযোগ পেয়ে মধ্য ফেব্রুয়ারিতে উৎপাদনে গিয়েছিল কারখানাটি।
যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছে।
বুধবার রাতে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান।
গ্যাস সংকটে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ১৩ মাস যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের সংযোগ দিলে মধ্য ফেব্রুয়ারিতে উৎপাদনে যায় কারখানাটি।
মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার বলেন, ২৩ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি উৎপাদন শুরু হলেও বুধবার রাতে অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে ত্রুটি এবং গ্যাসের চাপ কমায় ফের উৎপাদন বন্ধ হয়।
মেরামত শেষে পুনরায় ইউরিয়া উৎপাদনে যেতে কয়েকদিন সময় লাগবে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।
দৈনিক এক হাজার ৭০০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দানাদার ইউরিয়া উৎপাদনকারী এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
