২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে আড়াই হাজার পুলিশ থাকবে মহাসড়কে: অতিরিক্ত আইজিপি

যেকোনো বছরের তুলনায় এবারের ঈদযাত্রা নিরাপদ হবে বলে অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান মনে করেন।

ঈদে আড়াই হাজার পুলিশ থাকবে মহাসড়কে: অতিরিক্ত আইজিপি

বুধবার দুপুরে অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র ত্রিমোর এলাকায় পরিদর্শনে আসেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 10:56 PM

Updated : 19 Apr 2023, 10:56 PM

ঈদ উপলক্ষে প্রায় আড়াই হাজার হাইওয়ে পুলিশ মহাসড়কে নিয়োজিত আছে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) শাহাবুদ্দিন খান। 

তিনি বলেন, “ঈদে পুলিশ সদস্যরা ছুটিতে যান না। বেশিরভাগ সদস্য ঈদযাত্রা সুন্দর করতে মাঠে কাজ করেন। হাইওয়ে ও জেলা পুলিশ ঈদযাত্রায় শৃঙ্খলা রাখতে কাজ করছেন। যেকোনো বছরের তুলনায় এবারের ঈদযাত্রা নিরাপদ হবে।” 

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র ত্রিমোড় এলাকায় পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলে তিনি।

এ সময় অতিরিক্ত আইজিপি যাত্রীদের উদ্দেশ্য বলেন, “রাস্তার অন্য কোনো যায়গায় না উঠে নিদিষ্ট কাউন্টার থেকে গাড়িতে উঠুন। তাহলে ছিনতাইকারি বা মলম পার্টির কবল থেকে মুক্তি পাবেন। আমরা সচেতন আছি এখন যাত্রীরা সচেতন হলে আমাদের দায়িত্ব পালনে সুবিধা হয়।” 

কারখানা ছুটির বিষয়ে তিনি বলেন, “কলকারখানা ধাপে ধাপে ছুটি দিলে ভিড় কম হয়। এই ভিড় মোকাবেলা করা যায়। আমরা দেখেছি কারখানা কর্তৃপক্ষ এটি করেছেন। গতকাল কিছু কারখানা ছুটি হয়েছে, আজ কিছু হবে এবং বাকিগুলো আগামীকাল হবে। তবে আগামীকাল ও পরশু অতিরিক্ত চাপ আসতে পারে। এজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবস্থা ভালো; এ ছাড়া বিআরটি প্রকল্পের কারণে তেমন কোনো সমস্যা হবে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।